রামুতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার দুর্গম বাঁশখোলা ছড়া এলাকায় সোমবার রাতে একদল ডাকাতের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে এক অতিরিক্ত পুলিশ সুপারসহ দুজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি বন্দুক ও গুলিসহ বিভিন্ন অস্ত্র-সরঞ্জাম উদ্ধার করেছে।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজাহান জানান, পুলিশ গোপন খবরে জানতে পারে কচ্ছপিয়া ইউনিয়নের বাঁশখোলা ছড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। রাত একটার দিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলমের নেতৃত্বে রামু থানার পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম আহত ও পুলিশের সোর্স ছৈয়দ আলম পায়ে গুলিবিদ্ধ হন। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া চারটি দেশি বন্দুক, একটি রামদা, দুটি চাকু, ১৭টি থ্রিনটথ্রি রাইফেলের গুলি, চারটি কার্তুজ, ডাকাতদের ব্যবহারের দুটি গামছা, সাতটি হাফপ্যান্ট, পাঁচটি গেঞ্জি, নয়টি কাপড়ের ব্যাগ ও আটটি কালো স্কার্ফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।