রামুতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের রাবারবাগান এলাকায় গত রোববার রাত নয়টায় পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনায় ফরিদুল আলম (২৯) নামের একজন নিহত হয়েছেন। তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। পুলিশের দাবি নিহত ফরিদুল ডাকাত দলের সদস্য।
এদিকে ডাকাতের গুলিতে আহত হয়েছেন রামু থানার সহকারী উপপরিদর্শক মিল্টন বড়ুয়া, কনস্টেবল মো. শরীফ, সুমন চৌধুরী, রূপায়ণ বড়ুয়া ও আনসার সদস্য লাল্টু মিয়া।
মিল্টন বড়ুয়াকে গভীর রাতে কক্সবাজার সদর হাসপাতাল এবং অন্যদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে মিল্টন বড়ুয়াকে গতকাল সোমবার সকালে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ প্রথম আলোকে বলেন, ডাকাতের গুলিতে এএসআই মিল্টন বড়ুয়া গুরুতর আহত হয়েছেন। গুলিতে তাঁর বাঁ হাত ও বুকে গুরুতর জখম হয়। বেলা দুইটার দিকে চট্টগ্রাম মেজিকেল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। রামুর রাবারবাগান এলাকায় পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টাকালে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গুলিতে আহত পুলিশ কনস্টেবল সুমন চৌধুরী বলেন, রামু পুলিশের টহল দলটি একটি অটোরিকশা নিয়ে রাত পৌনে নয়টার দিকে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের রাবারবাগান ঢালা এলাকায় পৌঁছালে ডাকাতেরা গাছের গুঁড়ি ফেলে তাঁদের গতিরোধ করে এবং গাড়ির ভেতরে পুলিশ দেখে তারা গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের বন্দুকযুদ্ধের ঘটনায় এবং গুলিতে এক ডাকাত মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তিনিসহ পাঁচজন পুলিশ সদস্য ডাকাতের গুলিতে আহত হন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া দুটি অস্ত্র ও চারটি কার্তুজ উদ্ধার করে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। বন্দুকযুদ্ধের ঘটনায় গতকাল রামু থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।