রামুতে বন কর্মকর্তাকে মারধর কাঠ ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চেরাংঘাটা এলাকায় বন বিভাগের বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে মারধর করে চোরাই কাঠ ছিনিয়ে নিয়ে গেছে একদল বনদস্যু। গত শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ জসিম উদ্দিন নামের এক কাঠ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।জানা গেছে, গ্রেপ্তার হওয়া জসিম রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহানের ভাশুর। এ সময় ঘটনাস্থলে পুলিশকে দায়িত্ব পালনে বাধা দিলে মহিলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাগিবতণ্ডা হয়। এ ঘটনায় জসিম উদ্দিনকে আসামি করে শনিবার দিবাগত রাতেই থানায় মামলা হয়েছে।রামু বন বিভাগের বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল হক মোল্লা জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি এবং বিট কর্মকর্তা ছৈয়দ নূরুজ্জামান চেরাংঘাটা এলাকা থেকে তিনটি চোরাই কাঠের ভ্যান আটক করেন। খবর পেয়ে জসিম উদ্দিন দলবল নিয়ে তাদের ওপর হামলা চালান এবং মারধর করে কাঠভর্তি ভ্যানগুলো ছিনিয়ে নেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে জসিমকে আটক করে।রামু থানার ওসি মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, জসিমের নেতৃতে রেঞ্জ কর্মকর্তাকে মারধর করে কাঠ ছিনিয়ে নেওয়া হয়। পুলিশ জসিমকে গ্রেপ্তার করেছে। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান পুলিশের কাজে বাধা দিলে থানা থেকে অতিরিক্ত ফোর্স এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় জসিম উদ্দিন ও অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।