রামুতে বনরক্ষীদের গুলিতে যুবক নিহত, আহত ২
কক্সবাজারের রামু উপজেলায় বনরক্ষীদের গুলিতে কবির আহমদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ময়ূরীর ঘোনা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় মো. ইউসুফ ও আনোয়ার হোসেন নামের দুজন আহত হন।বন বিভাগ সূত্র জানায়, সামাজিক বনায়ন প্রকল্পের বাগান থেকে গাছ চুরি করতে গিয়ে বনরক্ষীদের গুলিতে নিহত হন কবির আহমদ। তাঁর বাড়ি উপজেলার রাজারকুল ইউনিয়নের চৌকিদারপাড়া গ্রামে। মঙ্গলবার সকালে পানেরছড়া রেঞ্জের তুলাতলী বিটের আওতাধীন একাশিয়া বাগানে ৮০-৯০ জন বনদস্যু গাছ কাটতে যায়। এ সময় বনরক্ষী ও স্থানীয় লোকজন তাদের বাধা দিলে কাঠচোরেরা তাঁদের ওপর হামলা করে। একপর্যায়ে বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে বনরক্ষীরা পাল্টা গুলি করেন। কবির আহমদের ভাই আবদুল কাদের ও স্ত্রী সাজেদা বেগমের দাবি, কবির আহমদ বনদস্যু নন। পাল্টাপাল্টি হামলা এবং গুলি ছোড়ার বিষয়টিও সত্য নয়।