রামুতে বন্য হাতির আক্রমণে তিনজন নিহত, আহত ১১
কক্সবাজারের রামু উপজেলায় গতকাল বুধবার বন্য হাতির দলের আক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন। হাতিগুলো ২০টি বসতবাড়ি তছনছ করেছে। পরে পুলিশ ও বনকর্মীরা ফাঁকা গুলি ছুড়ে দলটিকে গহিন অরণ্যে পাঠিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।নিহত ব্যক্তিরা হলেন: কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি গ্রামের আমেনা খাতুন (২৫), আলী আহমদ (৫৫) ও মো. শাহজাহান (৩০)। আহত ব্যক্তিদের মধ্যে আসমা বেগম (৪৫), আবদুস শুক্কুর (৩০), আবদুর রহিম (২৫), নাজির আহমদ (৩৪), সোনা মেহের (২১) ও সিরাজ মিয়াকে (১২) রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন আসমা বেগম ও নাজির আহমদ জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ৮-১০টি বন্য হাতির একটি দল দোছড়ি গ্রামের মাঠে নেমে বিভিন্ন শস্য খেতে শুরু করে। এরপর হাতিগুলো বসতবাড়িতে এসে কলাগাছ খেতে থাকে। একপর্যায়ে হাতির দলটি ঘরবাড়ি ভেঙে ফেলতে শুরু করলে স্থানীয় বাসিন্দারা বসতবাড়ি ফেলে দিগ্বিদিক ছুটতে থাকে। এ সময় হাতির আক্রমণ ও পায়ের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও ১১ জন।হাতির দলটি তাণ্ডব চালানোর পর সকাল ১০টা পর্যন্ত লাশগুলোর পাশেই দাঁড়িয়ে ছিল। পরে পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাত-আটটি ফাঁকা গুলি ছুড়লে হাতিগুলো সরে যায়। এরপর লাশ তিনটি উদ্ধার করা হয়। হাতির দলটি পরে আবার ফিরে এসে আরও কয়েকটি ঘর ভাঙচুর করে। বেলা দুইটার দিকে বনকর্মীরা আবার ফাঁকা গুলি ছুড়ে হাতির দলটিকে গহিন অরণ্যে পাঠিয়ে দিতে সক্ষম হন। কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এম খালেক খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতির দলটি গহিন অরণ্য থেকে লোকালয়ে নেমে এসে আক্রমণ চালায়।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম বলেন, নিহত তিনজনের লাশ দাফন করা হয়েছে। বেলা দুইটার পর লোকজন ঘরে ফিরলেও আতঙ্ক কাটেনি। বন্য হাতির দল আবার হানা দিতে পারে—এমন আশঙ্কায় রয়েছে স্থানীয় বাসিন্দারা।