রামুতে বাস উল্টে দুই নারীসহ নিহত ৪
কক্সবাজারের রামুতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি বাস উল্টে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৪ জন। তাঁদের কক্সবাজার ও রামু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীরা বলেন, ব্যাটারিচালিত একটি ইজিবাইককে (টমটম) ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায়।
নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরবের মো. কাশেম (৪২), কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড়ভেওলা গ্রামের নুরুন্নাহার (৪০), পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের বড়পাড়া এলাকার রাজিয়া সুলতানা (২২) ও কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নের মো. ফারুক (২০)।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, গতকাল সকালে ইউনিক পরিবহনের ওই বাসটি ৩৮ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। বেলা দেড়টার দিকে বাসটি রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া গ্যারেজ এলাকায় পৌঁছার পর ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সত্যম সরকার বলেন, বেলা আড়াইটার দিকে আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এরপর বিকেল পৌনে পাঁচটার দিকে আরও চারজন যাত্রীকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। তাঁরা হলেন ভৈরবের মো. কাশেম ও চকরিয়ার নুরুন্নাহার।
পুলিশ জানায়, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। তাঁরা হলেন পেকুয়ার রাজিয়া সুলতানা ও কুতুবদিয়ার মো. ফারুক।
রামুর তুলাতলী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবদুল আওয়াল বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন।