রামুতে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া এলাকায় গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জাহেরা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের কালু ফকির পাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী। আহত হয়েছেন আরও অন্তত ২০ যাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে দুজন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে রামু অভিমুখী আসা একটি ইজিবাইক ধলিরছড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং শ্যামলী বাসটি ধাক্কা খেয়ে প্রায় ১০০ গজ দূরে প্রধান সড়কের নিচে উল্টে পড়ে।
স্থানীয় লোকজন গাড়ির ভেতর আটকা পড়া অন্তত ২০ যাত্রীকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চকরিয়ার ডুলাহাজারা খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতাল ও কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে ভর্তি করেন। খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকের যাত্রী জাহেরা খাতুন মারা যান।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।