রামুতে বাসের সঙ্গে জিপের সংঘর্ষ, চারজন নিহত
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবারবাগান এলাকায় যাত্রীবাহী বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই জিপের যাত্রী ও চালক। গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নুরুল হক (৫০), একই উপজেলার বাসিন্দা নুরুল ইসলাম (৪৫) ও আমিনা খাতুন (৬০) এবং রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা ও জিপটির চালক মো. কালু।প্রত্যক্ষদর্শী ও রামু থানা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে রামু থেকে ১২ জন যাত্রী নিয়ে জিপটি নাইক্ষ্যংছড়ির দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে রাবারবাগান এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুরুল হক ও নুরুল ইসলাম নিহত হন। অপর দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার পর সেখানে তাঁরা মারা যান। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদ ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নজিবুল ইসলাম বলেছেন, তাঁরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।