রামুতে বিএনপির মানববন্ধন
কক্সবাজারের রামু সদরের চৌমুহনীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবি করেছে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানানো হয়। উপজেলা বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকমল বড়ুয়া, স্থানীয় সাংসদ লুৎফর রহমান ওরফে কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস, জেলা ছাত্রদলের নেতা কাওসার আলম, নেজাম উদ্দিন প্রমুখ। সাংসদ কাজল বলেন, ‘রামুর বৌদ্ধপল্লিতে সরকারি দলের নেতা-কর্মীরা হামলা চালালেও ধরা হচ্ছে সাধারণ লোকজনকে। হামলায় ঘটনায় আমাকে জড়িয়ে হয়রানির অপচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু জনগণের প্রতিবাদের কারণে তা সম্ভব হয়নি।’ ঢাবির শিক্ষক সুকমল বড়ুয়া বলেন, মির্জা ফখরুলকে মুক্তি দিন, অন্যথায় দেশব্যাপী দুর্বার আন্দোলন শুরু করা হবে। সমাবেশের আগে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।