রামুতে বিজিবির নতুন ৫০ ব্যাটালিয়নের উদ্বোধন আজ
কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আরও একটি নতুন ব্যাটালিয়ন হচ্ছে। আজ রোববার সকালে নতুন ৫০ নম্বর ব্যাটালিয়নের উদ্বোধন করবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।বিজিবি সূত্র জানায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে উগ্র ধর্মান্ধগোষ্ঠীর হামলা ও অগ্নিসংযোগে রামুর ঐতিহ্যবাহী ১২টি বৌদ্ধবিহার ধ্বংস হয়। পরের দিন উখিয়া ও টেকনাফের আরও সাতটি মন্দিরে অগ্নিসংযোগ করা হয়। রামুসহ জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং মিয়ানমার সীমান্তে চোরাচালান বন্ধসহ সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার জন্য রামু ও উখিয়ার মধ্যভাগে নারকেলবাগান এলাকায় নতুন এই ব্যাটালিয়নটি স্থাপন করা হয়। এই ব্যাটালিয়নে সাড়ে ৭০০ বিজিবি সদস্য থাকবেন।নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমিন এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, রামুর সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন, মিয়ানমার সীমান্ত সুরক্ষার লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রামুতে ৫০ বিজিবি ব্যাটালিয়ন স্থাপন করা হয়েছে। নবগঠিত ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা সীমান্ত টহল জোরদারের পাশাপাশি চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ ও শান্তিশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে সক্ষম হবেন।