রামুতে বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল
কক্সবাজারের রামু উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার (মিড ডে মিল) বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৯ অক্টোবর থেকে রামু আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চালু করা হচ্ছে। এ উদ্যোগ চালু করতে প্রাথমিক পর্যায়ে সচ্ছল অভিভাবকেরা প্রতি মাসে তিন কেজি করে চাল এবং বিত্তবান ব্যক্তিরা আর্থিক সহায়তা দিচ্ছেন। স্থানীয় উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে গত বৃহস্পতিবার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি হেলফ্ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি সবার সামনে এ উদ্যোগের কথা তুলে ধরেন এবং তা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মো. ছাইদুল হক জানান, প্রস্তুতি প্রায় শেষ। আগামী ৯ অক্টোবর থেকে রামুতে এ কার্যক্রম চালু করা হবে। অভিভাবকদের চাল-সহায়তা ছাড়া ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ খানেক টাকা সহায়তার আশ্বাস পাওয়া গেছে। এলাকাবাসী এ উদ্যোগ বাস্তবায়নে খুব আন্তরিক।