কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার একটি লম্বা বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন, রসুল বকস, তাঁর স্ত্রী আনোয়ারা বেগম ও নুরুল আমিন। পুলিশ জানায়, উপজেলার রশিদনগর ইউনিয়নের পানির ছড়া হরিতলা এলাকার রসুলের বাড়িতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় একটি লম্বা বন্দুক, চারটি তাজা কার্তুজ, একটি বন্দুকের হাতল, বিপুল পরিমাণ কার্তুজের খোসা, দুই কৌটা কার্তুজের স্প্লিন্টার, দুটি ফায়ারিং পিন, দুটি বন্দুকের চামড়ার কভার, একটি হেক্সো ব্লেডের ফ্রেম, দুটি হাতুড়ি, তিনটি প্লেট স্ক্রু ড্রাইভার, একটি থ্রি বিটল ফাইল, দুটি ড্রিল মেশিন, একটি বাঁটুলসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম বলেন, তাঁদের আদালতের মাধ্যমে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, খোঁজখবর নিয়ে জানা গেছে, রসুল একজন অস্ত্র ব্যবসায়ী। তিনি বসতঘরেই অস্ত্রের মিনি কারখানা গড়ে দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করছিলেন।