রামুতে বৌদ্ধদের স্বর্গপুরী উৎসব
থরে থরে সাজানো ফুলের বাগান। কেউ গাইছে আবার কেউ নৃত্যরত। এখানে কোনো রকম দুঃখ কাউকে স্পর্শ করতে পারে না। এই হলো স্বর্গের কল্পিত রূপ। কোনো লোক চাইলেই বহু আকাঙ্ক্ষিত এ স্বর্গে পৌঁছাতে পারে না। সংসার চক্রে ঘুরতে ঘুরতে জীবদ্দশার ভালো কর্মের প্রভাবে একপর্যায়ে মানুষ স্বর্গে আরোহণ করতে সক্ষম হয়, আবার পুনর্জন্মগ্রহণ করে মর্ত্যলোকে ফিরে আসে।এ ধারণা থেকেই কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে কৃত্রিম স্বর্গ তৈরি করে দীর্ঘ ২৪ বছর ধরে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় স্বর্গপুরী উৎসব ও ব্যুহচক্র মেলা উদ্যাপন করে আসছে। এ বছরও গতকাল শুক্রবার দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে উৎসবে রাখাইন, মারমা, চাকমাসহ হাজার হাজার নর-নারীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরা নয়, অন্যান্য সমপ্রদায়ের লোকজনের অংশগ্রহণে এ উৎসব সামপ্রদায়িক সমপ্রীতির মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানস্থল ঘুরে দেখা যায়, বিহারের মাঠে বাঁশ ও কাঠ দিয়ে নানা কারুকার্যে তৈরি করা হয়েছে দ্বিতলবিশিষ্ট কল্পিত স্বর্গ। স্বর্গকে মধ্যে রেখে চারদিকে তৈরি করা হয়েছে চক্রবাক বা প্যাঁচঘর। শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ আবালবৃদ্ধবনিতা প্যাঁচঘরে ঘুরতে ঘুরতে একপর্যায়ে স্বর্গে আরোহণ করে। স্বর্গ থেকে নেমে দলে দলে আবার ঘুরতে ঘুরতে বাইরে বেরিয়ে আসে। বিভিন্ন গ্রাম থেকে আসা পূজারিরা নানা বাদ্যযন্ত্র বাজিয়ে নাচতে নাচতে স্বর্গপুরী ও প্যাঁচঘর প্রদক্ষিণ করছে। বিহার পরিচালনা কমিটির সভাপতি রণজিৎ বড়ুয়া জানান, রামু, কক্সবাজার, মহেশখালী, উখিয়া, চৌফলদণ্ডী, চকরিয়া, নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম, বান্দরবানসহ বিভিন্ন এলাকার লোকজন এবারের উৎসবে যোগ দিয়েছে।