রামুতে বৌদ্ধদের স্বর্গপুরী উৎসব
থরে থরে সাজানো ফুলের বাগান। পুষ্পপল্লবে শোভিত বাগানে নানা রকম ফুলের মাঝে বসেছে অপ্সরীদের মেলা। মনের আনন্দে কেউ গাইছে, আবার কেউ নৃত্যরত। এখানে কোনো রকম দুঃখ কাউকে স্পর্শ করতে পারে না। এই হলো স্বর্গের কল্পিত রূপ। কেউ চাইলেই বহু কাঙ্ক্ষিত এ স্বর্গে পৌঁছতে পারে না। সংসারচক্রে ঘুরতে ঘুরতে জীবদ্দশায় ভালো কাজ ও পুণ্যের প্রভাবে একপর্যায়ে মানুষ স্বর্গে আরোহণ করতে সক্ষম হয়। তারপর আবার জন্মগ্রহণ করে মর্ত্যলোকে ফিরে আসে—এই বিশ্বাস থেকেই কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে দীর্ঘ ২৫ বছর ধরে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপন হয়ে আসছে স্বর্গপুরী উৎসব ও ব্যূহচক্র মেলা। গতকাল শুক্রবার ছিল দুই দিনব্যাপী উৎসবের শেষ দিন। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে রাখাইন, মার্মা, চাকমাসহ হাজার হাজার নর-নারীর উৎসবে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও শ্রমণ ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়। স্বর্গপুরী উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক রিটন বড়ুয়া ও সদস্যসচিব ককন বড়ুয়া জানান, এ বছর আবহাওয়া ভালো থাকায় উৎসবে প্রচুর লোকের সমাগম হয়েছে। রামুর ১০টি গ্রাম থেকে দল বেঁধে, সং সেজে, নানা রকম বাদ্য বাজিয়ে, নেচে-গেয়ে বহু নারী-পুরুষ উৎসবে আসেন। এ ছাড়া কক্সবাজার, মহেশখালী, উখিয়া, চৌফলদণ্ডী, চকরিয়া, নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম ও সুদূর বান্দরবানের উপজাতিরাও উৎসবে যোগ দেন।মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার পরিচালনা কমিটির সভাপতি রণজিৎ বড়ুয়া ও সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া জানান, বর্তমানে এ উৎসব শুধু বৌদ্ধদের মধ্যে সীমাবদ্ধ নেই, সব ধর্মাবলম্বীর অংশগ্রহণে এটি সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে।দক্ষিণ চট্টলার সর্বোচ্চ বৌদ্ধ ধর্মীয় গুরু, রামু কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের জানান, প্রায় শতবর্ষ আগে রামুর ঐতিহাসিক রামকোট বনাশ্রম বৌদ্ধবিহারে জগৎঠাকুর নামের এক বৌদ্ধ সংস্কারক এ উৎসবের গোড়াপত্তন করেন। তখন বাংলা নববর্ষে প্রারম্ভে উৎসব শুরু হয়ে চলত টানা সাত দিন। উৎসব ঘিরে আয়োজিত মেলাটি রামকোটের মেলা নামে পরিচিত।