রামুতে বৌদ্ধপল্লি পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল সোমবার কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধপল্লি পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিভিন্ন বৌদ্ধবিহারের ভিক্ষুদের সঙ্গে কথা বলেন। তবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিবৃতি দেননি।
বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতি উখিয়ার ইনানী সৈকত থেকে হেলিকপ্টারে করে রামুতে পৌঁছান। এরপর তিনি ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল গ্রামের লমত্রী বিহার, লাল চিং, সাদা চিং, অপর্ণা চরণ বৌদ্ধবিহার পরিদর্শন করেন। মৈত্রী বিহারে সুগত রঞ্জন বড়ুয়া, সন্তোষ বড়ুয়া, লাল চিং বিহারে মংক্যজ রাখাইন ফুল দিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। সেখানে ১৫ মিনিট অবস্থানের পর রাষ্ট্রপতি রামু কেন্দ্রীয় সীমা বিহারে যান। সেখানে তাঁকে স্বাগত জানান বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়াসহ বৌদ্ধ নেতারা। রাষ্ট্রপতি সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরোসহ বৌদ্ধধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেন। সত্যপ্রিয় মহাথেরো রাষ্ট্রপতিকে বইসহ শুভেচ্ছা উপহার দেন। বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকেও রাষ্ট্রপতিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি উপজেলার উত্তর মিঠাছড়ি পাহাড়চূড়ায় স্থাপিত ১০০ ফুট লম্বা সিংহশয্যা বুদ্ধমূর্তি পরিদর্শন করেন। সেখানে তাঁকে স্বাগত জানান ভিক্ষু করুণাশ্রী মহাথেরো।
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনীর প্রধান ইকবাল করিম ভূইয়া, চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমদ, কক্সবাজার-৩ (রামু-সদর) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার মো. আজাদ মিয়া, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
গত রোববার দুপুরে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে ঢাকা থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সফরে যান। বিকেলে সেখান থেকে ফিরে উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে (সেনাবাহিনীর বাংলোতে) রাত যাপন করেন। গতকাল রামুতে বৌদ্ধপল্লি পরিদর্শন শেষে বেলা একটার দিকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি।