রামুতে মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের দুরবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল কার্যালয় অত্যন্ত জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। টিনের ছাউনি দেওয়া তিনটি বেড়ার ঘর নিয়ে এই সরকারি কার্যালয়। এখানেই সম্পন্ন হয় জেলার পাঁচ উপজেলার মাদক নিয়ন্ত্রণসংক্রান্ত দাপ্তরিক কাজ। উপজেলার চৌমুহনী স্টেশন থেকে পূর্ব দিকে বৌদ্ধমন্দির সড়কে ঢুকতেই ডান দিকে চোখে পড়ে জরাজীর্ণ বেড়ার একটি ঘর। পূর্ব দিকে হেলে পড়া ঘরটিতে মাথা নিচু করে প্রবেশ করতে হয়। ভেতরে গিয়ে দেখা যায়, ওপরের ছাউনির টিন ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ে নিচের বেড়া নষ্ট হয়ে গেছে। আসবাব বলতে আছে জরাজীর্ণ দুটি টেবিল, দুটি আলমারি ও চারটি চেয়ার।এই কার্যালয় থেকে রামুসহ জেলার পাঁচ উপজেলার (টেকনাফ, পেকুয়া, চকরিয়া, উখিয়া) মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কাজ চালাতে হয়। কিন্তু প্রয়োজনীয় আসবাব, জনবল, যানবাহনসহ বিভিন্ন সংকটের কারণে মাদক নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হচ্ছে। গণপূর্ত বিভাগের লোকজনসহ জেলা প্রশাসক গত বছর এই কার্যালয় পরিদর্শন করেন। এটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।এই কার্যালয়ে কাজ করেন একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুজন কনস্টেবল। এএসআই মুখলেছুর রহমান চৌধুরী বলেন, প্রায় ১০৫ বছর আগে এই ঘর (কার্যালয়) নির্মাণ করা হয়। এরপর কখনো সংস্কার করা হয়নি। তিনটি কক্ষের একটি সম্পূর্ণ পরিত্যক্ত। একটিতে কোনো রকমে চলে দাপ্তরিক কাজকর্ম। সামান্য বৃষ্টিতেই কার্যালয়ের ভেতরে পানি জমে যায়। ভাঙা ঘর, জলাবদ্ধতা, সাপের ভয় ও পেছনের ডোবার দুর্গন্ধে এখানে দাপ্তরিক কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। অপর কক্ষে বাসা বেঁধেছে বিষাক্ত সাপ। ঘরটি সব সময় তালাবদ্ধ রাখা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কনস্টেবল বলেন, ‘বর্ষাকালে এ কার্যালয়ে বসার উপায় থাকে না। বৃষ্টির পানিতে মূল্যবান কাগজপত্র ভিজে যায়। নিচে পানি জমে থাকায় চেয়ারের ওপর পা তুলে কাজ করতে হয়। দাপ্তরিক মূল্যবান কাগজপত্রের সুরক্ষা নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকতে হয়। পেছনের ডোবায় মলমূত্রসহ চৌমুহনী স্টেশনের যাবতীয় আবর্জনা জমে থাকে। বৃষ্টি হলে সেই নোংরা পানি কার্যালয়ে ঢোকে। এ ছাড়া সারা বছর সাপের আতঙ্ক তো আছেই।’মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার অঞ্চলের সহকারী পরিচালক আবুল হোসেন রামু কার্যালয়ের দুরবস্থার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এখানে পাকা ভবন তৈরির বিষয়টি প্রক্রিয়াধীন। ইতিমধ্যে গণপূর্ত বিভাগ একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রকল্পটি অনুমোদন হলেই ভবনের কাজ শুরু হবে।এই কার্যালয় নিয়ে ২০১০ সালের ১৮ আগস্ট প্রথম আলোতে ‘এটিও একটি সরকারি কার্যালয়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়টি পরিদর্শন করেন।