রামুতে যুবলীগ নেতার হামলায় চিকিৎসক আহত, কর্মবিরতি
কক্সবাজারের রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা নুরুল কবির হেলালের হামলায় আহত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আক্তারুল ইসলাম। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার সকাল থেকে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে নয়টার দিকে রামু উপজেলার মণ্ডলপাড়ার রুমেল ও অফিসেরচর গ্রামের সরওয়ার আলম সড়ক দুর্ঘটনায় আহত হন। চিকিৎসার জন্য তাঁদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ২০ মিনিট পর তাঁদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। রাত ১০টার দিকে দলবল নিয়ে হাসপাতালে হাজির হন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক হেলাল। এরপর তাঁরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আক্তারুল ইসলামের কাছে জানতে চান, কেন আহত ব্যক্তিদের রামু থেকে কক্সবাজার হাসপাতালে পাঠানো হচ্ছে? জবাবে আক্তারুল ইসলাম এই হাসপাতালে উন্নত চিকিৎসাব্যবস্থা অপ্রতুল বলতেই শুরু হয় এলোপাতাড়ি মারধর। একপর্যায়ে ওই চিকিৎসক অজ্ঞান হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বাসায় নিয়ে চিকিৎসা করান। এ প্রসঙ্গে জানতে চাইলে আক্তারুল ইসলাম গতকাল দুপুরে বলেন, ‘ভাই, আমি এক্ষুনি জ্ঞান ফিরে পেয়েছি। সবকিছু পরে খুলে বলব।’ কক্সবাজারের সিভিল সার্জন কাজল কান্তি বডুয়া বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে গতকাল হামলাকারী হেলালকে আসামি করে রামু থানায় একটি মামলা করা হয়েছে।