রামুতে সাবাড় হওয়ার পথে ১৫টি পাহাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। গত দুই মাসে এখানে অন্তত ১০টি পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। সাবাড় হওয়ার পথে আরও পাঁচটি পাহাড়। প্রতিদিন শতাধিক শ্রমিক ১০-১৫টি ট্রাকে করে এসব পাহাড়কাটা মাটি ইউনিয়নের চেইন্দা এলাকায় কৃষিজমি ভরাটের জন্য নিয়ে যাচ্ছেন। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও প্রতিবেশ। স্থানীয় প্রশাসনের সামনে এ ঘটনা ঘটলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।স্থানীয় লোকজন জানান, প্রায় দুই মাস আগে কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে চেইন্দা এলাকায় বিস্তীর্ণ (প্রায় ২২০ একর) কৃষিজমি ভরাট করে সেখানে অ্যামিউজমেন্ট ক্লাব ও ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরির কাজ শুরু করে একটি প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ। বর্তমানে সেখানে পুকুর খনন, মাটি ভরাট করে রাস্তা তৈরি ও স্থাপনা নির্মাণের কাজ চলছে। বিপুল পরিমাণ মাটির চাহিদা দেখা দিলে তা মেটাতে পুরো দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে নির্বিচারে পাহাড় কাটা শুরু হয়। ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানটির যোগসাজশে দক্ষিণ মিঠাছড়ি ও পাশের লিংক রোড মুহুরিপাড়ার কিছু প্রভাবশালী ব্যক্তি পাহাড় কেটে তাদের কাছে মাটি সরবরাহ করছেন। সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের খাইম্যারঘোনা, পূর্ব চাইল্যাতলী, কালা খন্দকারপাড়া, পানেরছড়া, বারইয়াপাড়া, নাপিতপাড়া বনতলা এবং আশপাশের এলাকায় দুই মাস ধরে পাহাড় কাটা চলছে। চাইল্যাতলী এলাকায় দেখা গেছে, প্রায় দেড় শ ফুট উঁচু একটি পাহাড়ের মাটি কাটছিলেন ৩৫ জন শ্রমিক। চারটি পিকআপে করে এসব মাটি নেওয়া হচ্ছিল চেইন্দা এলাকায়। এক শ্রমিক জানান, রামুর কলঘর এলাকার কৃষিজমি, বাঁকখালী নদীর চরসহ বিভিন্ন স্থান থেকে মাটি আনা হচ্ছে। ওই মাটি চাহিদা অনুযায়ী না হওয়ায় এসব পাহাড় কাটা হচ্ছে। কারা এসব পাহাড় কাটছেন জানতে চাইলে অপারগতা প্রকাশ করেন ওই শ্রমিক। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম চৌধুরী জানান, গত দুই মাসে চাইল্যাতলী, পানেরছড়া, বারইয়াপাড়া, খাইম্যারঘোনাসহ আশপাশের এলাকায় অন্তত ১০টি পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। জরুরি ভিত্তিতে পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ভয়ংকর পরিবেশ বিপর্যয় দেখা দেবে।প্রশাসনের বক্তব্য: বন বিভাগের চেইন্দা বিট কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, পাহাড় কাটায় জড়িত দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ চার প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম পাহাড় কাটার ক্ষতি প্রসঙ্গে বলেন, পাহাড় কাটার কারণে পরিবেশের ক্ষতি তো আছেই, তার মধ্যে বৃষ্টির পানির সঙ্গে পাহাড় কাটার মাটি যাওয়ায় আশপাশের নদী, খাল ভরাট হয়ে যাচ্ছে। বন্য প্রাণীরা আবাসস্থল হারাচ্ছে। কারা পাহাড় কাটছে জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন মিয়া প্রথম আলোকে জানান, স্থানীয় ফকির আলগীর, সাবেক ইউপি সদস্য মোজাহের মিয়া, বর্তমান ইউপি সদস্য মুজিবুর রহমান (মুজিব মেম্বার), মোকতার আহাম্মদ ও স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন শাখার সভাপতি ইউনুছ ভুট্টো এবং পাশের লিংকরোড মুহুরিপাড়ার কিছু লোকজনের নেতৃত্বে পাহাড় কাটার অভিযোগ পাওয়া গেছে।অভিযুক্তদের মধ্যে ইউনুছ ভুট্টো প্রথম আলোকে জানান, ‘কোথায় পাহাড় কাটা হচ্ছে এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা।’ অন্যদের মুঠোফোনে কল করা হলে তাঁরা ফোন ধরেননি।রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক প্রথম আলোকে বলেন, ‘পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’