রামুতে স্বর্গপুরীর উৎসব
কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে গত শুক্রবার উদ্যাপন করা হয়েছে স্বর্গপুরী উৎসব। এ উপলক্ষে পাহাড়ঘেরা এই বনবিহারের মাঠে তৈরি করা হয় বিশেষ প্যাঁচঘর। বাঁশ, কাঠ দিয়ে তৈরি করা হয় এক কল্পিত দোতলা স্বর্গ। নারী ও শিশুসহ শত শত মানুষ বাহারি সাজে সজ্জিত হয়ে, দল বেঁধে বাদ্যের তালে তালে নেচে-গেয়ে ওই স্বর্গে আরোহণ করে। প্যাঁচঘরের আঁকাবাঁকা পথে ঘোরে তারা। এ সময় তাদের মুখে শোনা যায় বুদ্ধকীর্তন। ‘বুদ্ধ বল বল রে, বুদ্ধের মতো দয়াল আর নাই রে’ গাইতে গাইতে ওই কল্পিত স্বর্গে আরোহণ করে একটি দল। তারা প্যাঁচ ঘুরে নেমে আসে বিহারের মাঠে। অন্য দল আবার ওঠে সেই কল্পিত স্বর্গে। তারা নেমে আসে। অন্যরা যায়। এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে আনন্দবিহার উৎসব উদ্যাপন। শুক্রবার সকাল ১০টার দিকে স্বর্গপুরীর উৎসবের উদ্বোধন করেন রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবংশ মহাথের। বিকেলে ধর্মসভায় সভাপতিত্ব করেন রামু কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ লুৎফুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন বিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথের।