কক্সবাজারের রামুতে শত বছরের ঐতিহ্যবাহী ‘জাহাজ ভাসানো উৎসব’ এবার হচ্ছে না। কারণ বৌদ্ধমন্দির ও বসতিতে হামলা, অগ্নিসংযোগ।বৌদ্ধরা জানান, মন্দিরে হামলার ঘটনায় তাঁদের মনে শান্তি নেই। ভাঙা মন নিয়ে তাঁরা এবারের প্রবারণা পূর্ণিমায় অতীত স্মৃতি রোমন্থন করবেন।২৯ অক্টোবর বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা। এই দিনে রামুর বৌদ্ধরা বাঁকখালী নদীতে জাহাজ ভাসানো উৎসব পালন করে। কিন্তু ২৯ সেপ্টেম্বর রাতে উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী হামলা ও অগ্নিসংযোগ করে রামুর প্রাচীন ১২টি বৌদ্ধমন্দির ধ্বংস করে দিয়েছে। এর প্রতিবাদে বৌদ্ধসমাজ জাহাজ ভাসানো উৎসব পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। রামু ডিগ্রি কলেজের ছাত্রী জিতু বড়ুয়া (১৮) বলেন, ‘গত বছরও আমরা প্রবারণা পূর্ণিমা উৎসবে কত আনন্দ-উল্লাস করেছি। বাঁকখালী নদীতে মহা ধুমধামে জাহাজ ভাসানো উৎসব পালন করেছি। এবার সেই রামুতেই জাহাজ ভাসানো উৎসব হচ্ছে না। মন্দির পুড়িয়ে, ঘরবাড়িতে আগুন দিয়ে এবং বুদ্ধের গায়ে আঘাত করে আমাদের মন ও মনোবল ভেঙে দেওয়া হয়েছে।’ রামুর কেন্দ্রীয় সীমাবিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, ২৯ সেপ্টেম্বর মন্দিরে হামলার পরদিন ৩০ সেপ্টেম্বর ছিল বৌদ্ধদের মধুপূর্ণিমা। কিন্তু মন্দির পুড়ে যাওয়ার ঘটনায় কেউ দিবসটি পালন করতে পারেননি। এরপর ৭ অক্টোবর ছিল অষ্টমী পূজা। ১৫ অক্টোবর ছিল অমাবস্যা পূজা। এসবও পালিত হয়নি। ২৯ অক্টোবর প্রবারণা পূর্ণিমা। এই দিনে রামুতে চলে স্বর্গের জাহাজ ভাসানো উৎসব। এবার তা-ও পালিত হবে না।রামু বৌদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া বলেন, ‘মন্দিরে হামলার প্রতিবাদে আমরা উৎসব পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। আর জাহাজ ভাসানো উৎসব পালন করতে হলে অন্তত ১৫-২০ দিন আগে থেকে প্রস্তুতি নিতে হয়।’বাংলাদেশ সংঘরাজ ভিক্ষুমহাসভার সাবেক সভাপতি ও রামু কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের বলেন, প্রায় ২০০ বছর আগে মিয়ানমারের মুরহনঘা নামক এলাকার একটি নদীতে সংঘরাজ ম্রাজং ব্রান প্রথম এই জাহাজ ভাসানো উৎসবের আয়োজন করেন। সেখান থেকেই বাংলাদেশের রামুতে এ উৎসব হয়ে আসছে প্রায় শত বছর ধরে। রামুর এই জাহাজ ভাসানোর উৎসব এখন গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলায় পরিণত হয়েছে। কিন্তু এবার ২৯ সেপ্টেম্বরের কালো রাতের ঘটনা সব ঐতিহ্য ম্লান করে দিয়েছে।