কক্সবাজারের রামু উপজেলার রাজারকুলে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বন্য হাতির আক্রমণে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় হাতির দল আটটি বসতবাড়ি ভাঙচুর করে।
নিহত রাশেদা বেগম (১১) রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়ার ফয়েজ আহমদের মেয়ে। সে ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহিম বলেন, গভীর রাতে চারটি বন্য হাতি ঘোনারপাড়ায় হানা দেয়। রাত একটার দিকে একটি হাতি ফয়েজ আহমদের মাটির ঘর ভাঙচুর করে। এ সময় হাতির পায়ের চাপায় রাশেদা ঘটনাস্থলেই নিহত হয়।
রাজারকুল ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, হাতির দল এ সময় আশপাশের আরও সাতটি বসতবাড়ি ভাঙচুর করে।
বন বিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা আমির হামজা বলেন, খাদ্যের সন্ধ্যানে বন্য হাতির দলটি লোকালয়ে নেমে আসে। পরে আগুন জ্বালিয়ে হাতির দলটিকে বনে তাড়িয়ে দেওয়া হয়েছে।