রামুতে হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
কক্সবাজার জেলার রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন থেকে ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বৌদ্ধরা শান্তিপ্রিয়। তাঁরা কোনো ধরনের সংঘাতে জড়িত হন না। এ ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।‘সর্বস্তরের বৌদ্ধ সমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, মহাসচিব আদর্শ কুমার বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি স্বজন বড়ুয়া, বৌদ্ধ সমিতি (মহিলা) সভানেত্রী লিলি বড়ুয়া। মানববন্ধন শেষে মৌন মিছিলটি নগরের নন্দনকানন বৌদ্ধ মন্দিরে গিয়ে শেষ হয়।