রামুতে ১০ হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ছয় ইউনিয়নের অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০ হাজার মানুষ। সোমবার দুপুর থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত কক্সবাজার-টেকনাফ ও রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। চাকমারকুলে একটি বেড়িবাঁধ ভেঙে গেছে।ফতেখাঁরকুলের হাইটুপী এলাকায় মায়ের সঙ্গে বাঁকখালী নদী থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানিতে ভেসে গেছে ফতেখাঁরকুলের হাইটুপী বুথ পাড়ার চেহের আলীর মেয়ে ও তৃতীয় শ্রেণীর ছাত্রী রেহেনা (১১)।প্রত্যক্ষদর্শীরা জানায়, গত দুই দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু ফকিরা বাজার, লম্বরী পাড়াসহ ছয় ইউনিয়নের অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সোমবার রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের মইষকুম এবং কক্সবাজার-টেকনাফ সড়কের দক্ষিণ মিঠাছড়ি এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে হাজার হাজার মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়।জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সদস্য জসিমুল ইসলাম জানান, ইউনিয়নের পূর্বপাড়া, মালা পাড়াসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের অর্ধশতাধিক বসতবাড়ি পানিবন্দী হয়ে পড়েছে। সোনাইছড়ি খালের ভাঙনের মুখে পড়েছে কয়েকটি মসজিদ ও কবরস্থান। প্রবল স্রোতের কারণে উপজেলার গর্জনিয়া, রাজারকুল, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে বাঁকখালী নদীর ভাঙনের সৃষ্টি হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক বলেন, অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল পরিমাণ মানুষ পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার দুর্গত লোকজনকে দ্রুত ত্রাণ সহায়তা দেবে প্রশাসন।