রামুতে ১১ হাজার গাছ সাবাড়
কক্সবাজারের রামু উপজেলার বন বিভাগের বাঁকখালী, রাজারকুল, পানেরছড়াসহ পাঁচটি রেঞ্জের অধীনে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। গত তিন মাসে এসব বাগান থেকে ১১ হাজারের বেশি গাছ কেটে ফেলা হয়েছে বলে উপকারভোগীরা দাবি করেছেন। রামুর সামাজিক বনায়নের উপকারভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তামাক পোড়ানোর মৌসুমকে ঘিরে সম্প্রতি গাছ কাটা আশঙ্কাজনক বেড়ে গেছে। বনদস্যুরা আগর, গামারি, আকাশিয়াগাছের ডালপালা, তামাকের চুল্লিও ইটভাটার জন্য সরবরাহ করছেন। আর বড় গাছ, গাছের কাণ্ড, আসবাবপত্রও বিভিন্ন স্থানে পাচার করছেন। খুনিয়াপালং দারিয়ারদিঘি সামাজিক বনায়নের উপকারভোগী সমিতির সভাপতি জহিরুল হক সিকদার জানান, এক মাসে ওই এলাকায় সৃজিত আগর বাগানের বড় বড় এক হাজার গাছ বনদস্যুরা কেটে নিয়ে যান। এসব গাছ ২০০৩-০৪ সালে লাগানো হয়েছিল। কয়েকজন উপকারভোগী অভিযোগ করেন, দারিয়ারদিঘি বনবিটের কর্মচারী (বোটম্যান) নুরুল আলম ও প্রহরী হামিদুল হক চিহ্নিত বনদস্যুদের কাছ থেকে ঘুষ নিয়ে তাঁদের গাছ কাটায় সহযোগিতা করেন। অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে বোটম্যান নুরুল আলম বলেন, ‘আমার কারণে গাছ কাটা গেলে আমাকে এখান থেকে সরানোর ব্যবস্থা করেন।’ ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা ফখর উদ্দিন বলেন, দারিয়ারদিঘি ও আপাররেজু বিটে কর্মকর্তা-কর্মচারী থাকার কথা ১২ জন, আছে মাত্র সাত জন। কোনো বিটে যানবাহন নেই। তাই পায়ে হেঁটে সাড়ে তিন হাজার একর বন পাহারা দিতে হয়। বনকর্মীরা এক পাশে গেলে অন্য পাশ থেকে বনদস্যুরা গাছ কেটে নিয়ে যান। নূরুল আলম ও হামিদুল হকের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে।’ বাঁকখালী রেঞ্জের অধীনে উখিয়ারঘোনা এলাকায় সৃজিত সামাজিক বনায়নের কয়েকজন উপকারভোগী জানান, গত তিন মাসে চিহ্নিত বনদস্যুরা ওই এলাকার বড় বড় ৩০০ গাছ কেটে নিয়ে গেছে। উপকারভোগী সিরাজুল হক ও রশিদ আহম্মদ অভিযোগ করেন, মার্চের মাঝামাঝি উখিয়ারঘোনা গুদামকাটা গ্রামের আজিজুল হক ও আবদুল কাদেরের নেতৃত্বে এক নম্বর প্লট থেকে পাহারাদারদের সামনেই গাছ কেটে নিয়ে যাওয়া হয়। বাঁকখালী রেঞ্জের কর্মকর্তা আবদুল হক মোল্লা জানান, এ ব্যাপারে গত তিন মাসে পাঁচটি মামলা হয়েছে। মামলায় আজিজুল হক ও আবদুল কাদেরকেও আসামি করা হয়েছে। পানেরছড়া রেঞ্জের তুলাবাগান ও পানেরছড়া বিটের সামাজিক বনায়নের উপকারভোগী জাফর আলম জানান, কালারপাড়ার মোহাম্মদ শফি ওরফে কালু মুন্সীর নেতৃত্বে ২০-২৫ জন বনদস্যু প্রায় প্রতিদিনই বাগানে ঢুকে গাছ কেটে নিয়ে যাচ্ছেন। ২৬ মার্চ গাছ কাটায় বাধা দিতে গিয়ে তাঁদের হামলায় তিনি ও মোহাম্মদ ইসলাম নামে এক ব্যক্তি আহত হন। বন বিভাগ সূত্র জানায়, পানেরছড়া ও তুলাবাগান বিটে ২০০১-০৬ সাল পর্যন্ত ৪৭৫ হেক্টর জমিতে সামাজিক বনায়ন করা হয়। ৭৭৯ জন উপকারভোগীর মধ্যে এ প্লট বরাদ্দ দেওয়া হয়। কয়েকজন উপকারভোগী দাবি করেন, বনদস্যুরা গত তিন মাসে এ বাগানের কমপক্ষে ১০ হাজার গাছ কেটে ফেলেছেন। উপকারভোগীরা আরও অভিযোগ করেন, গাছ কাটার ওই দলে কালু মুন্সী ছাড়াও তাঁর ভাই জহির আহমদ, কালারপাড়ার হাবিব উল্লাহ, শফি উল্লাহ, জিনেরঘোনার ছৈয়দুল হক, ভাদিতলার আবদুস শুক্কুর, সাহাব মিয়া, দানু মিয়া রয়েছেন। গাছ কাটার কথা স্বীকার করে পানেরছড়া রেঞ্জের কর্মকর্তা মাহমুদুল হক বলেন, আমাদের আন্তরিকতা থাকা সত্ত্বেও জনবল সংকটের কারণে বন রক্ষা করা যাচ্ছে না। কালু মুন্সী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ছাইদুল ইসলাম বলেন, যেখানে ৩০০ লোকবল থাকার কথা, সেখানে আছে মাত্র ১৫০। এ কারণে বিশাল বনাঞ্চল রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।