রামুতে ৩০০ লিটার মদ ধ্বংস চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুলের চেরাংঘাটা (মগপাড়া) এলাকায় ভ্রাম্যমাণ আদালত রোববার অভিযান চালিয়ে তিনটি বাড়ি থেকে প্রায় ৩০০ লিটার চোলাই মদ ও মদ রাখার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছেন। ইনু রাখাইন, মনি বালা ও পলাশ বড়ুয়ার বাড়ি থেকে এসব উদ্ধারের পর ধ্বংস করা হয়। এ ঘটনায় শফি আলম নামের একজন মদ ব্যবসায়ীসহ দুজনকে আটক করা হয়। এ ছাড়া অভিযানে একটি মুদি দোকান ও তিনটি হোটেলকে জরিমানা করা হয়েছে। বেলা তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ইউএনও বলেন, ‘এর আগেও ওই স্থানে কয়েকবার অভিযান চালিয়েছি। কিছুই পাইনি। যাওয়ার আগেই সেখানে খবর পৌঁছে যায়। যে কারণে এবার বিষয়টি অত্যন্ত গোপন রাখা হয়েছে। পুলিশ সঙ্গে থাকলেও তারা জানত না কোথায় অভিযান হবে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাউকে কিছু বলিনি। মদ উদ্ধার শেষে বিকেল পৌনে চারটার দিকে তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্থানীয় কার্যালয়ে আনা হলে কার্যালয় বন্ধ পাওয়া গেছে। উদ্ধার করা মদ রামু বাইপাস এলাকায় ধ্বংস করা হয়েছে।’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রামু সার্কেলের পরিদর্শক ধনঞ্জয় বলেন, ‘আমি সাক্ষ্য দিতে কুমিল্লায় আছি। সিপাহি মামুনও সাক্ষ্য দিতে বাইরে গেছে। অন্যজন কাজে ঢাকায় রাসায়নিক পরীক্ষাগারে গেছেন।’ একই অভিযানে ওজন কারচুপির অভিযোগে চেংরাঘাটার এক মুদি দোকানিকে দুই হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশের জন্য চৌমুহনীর জামান হোটেল, সোনালি হোটেল, আলমাছিয়া হোটেলকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।