রামুতে ৫০ লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ফকিরাবাজার ও চেরাংঘাটা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় আট হাজার ঘনফুট (৫০ ট্রাক) চোরাই কাঠ উদ্ধার করেছে জেলা টাস্কফোর্স। এর আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। এ সময় তিনটি অবৈধ করাতকল বন্ধ করে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ৬০ জন শ্রমিক নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও বন বিভাগের শতাধিক সদস্য দিনব্যাপী এ অভিযান চালান।কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম এ খালেক খান জানান, ফকিরাবাজারের বিভিন্ন করাতকল, অবৈধভাবে গড়ে ওঠা ডিপো ও গুদাম থেকে কাঠগুলো উদ্ধার করা হয়েছে। এসব কাঠের মধ্যে গামারি, সেগুন, গর্জন, তেলসুর, কড়ই, জাম, গোদা, গুটগুটিয়াসহ বিভিন্ন প্রজাতির কাঠ রয়েছে। অভিযানকালে নুরুল হক, আজিজুল ইসলাম ও কামাল উদ্দিন নামের তিন ব্যবসায়ীর করাতকল বন্ধ করে দেওয়া হয়।কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম জানান, গতকাল সকাল নয়টা থেকে অভিযান শুরু হয়। অভিযানে অন্যান্যের মধ্যে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফাজ উদ্দিন, র‌্যাব-৭-এর এএসপি সাজেদুর রহমান, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহানসহ বন বিভাগের রেঞ্জ ও বিট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।