রামুতে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল গ্রামে গতকাল সোমবার ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুক-যুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা ডাকাত দলের সদস্য। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন রামুর দরিয়ারদীঘি গ্রামের মৃত আবুল কালামের ছেলে আনোয়ার হোসেন (২৫) ও আবদুস ছোবহানের ছেলে মো. খলিল (২৮)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদের ভাষ্যমতে, রামুর রাজারকুল গ্রামে রামু-মরিচ্যা সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল। খবর পেয়ে রামু থানার পুলিশের একটি দল ভোর সাড়ে তিনটার দিকে সেখানে গেলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ডাকাত দলের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
তোফায়েল আহমদ দাবি করেন, ডাকাতদের গুলিতে তিন পুলিশ ও একজন আনসার সদস্যও আহত হন। তাঁরা হলেন রামু থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জালাল আহমদ, কনস্টেবল মজিবর রহমান ও আলো কিশোর চাকমা এবং আনসার সদস্য জইন উদ্দিন। তাঁদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ভূঁইয়া জানান, নিহত আনোয়ার ও খলিলের বিরুদ্ধে রামু থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রামু থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।