রামুতে 'বন্দুকযুদ্ধে' ১৭ মামলার আসামি নিহত
কক্সবাজারের রামুতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জসিম উদ্দিন ওরফে খোকন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে উপজেলার চা-বাগানসংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, জসিম তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত। তাঁর বিরুদ্ধে রামু ও কক্সবাজার সদর মডেল থানায় দস্যুতা, মাদক, অস্ত্র, ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত রোববার দুপুরে উপজেলার রশিদনগর জেটি রাস্তার মাথা এলাকা থেকে জসিমকে আটক করা হয়। রাতে অস্ত্র উদ্ধারের জন্য তাঁকে নিয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় জসিমকে ছাড়িয়ে নিতে তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালালে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে জসিম নিহত হন। তাঁর সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দেশে তৈরি সাতটি পাইপগান ও ৭০টি কার্তুজ উদ্ধার করে পুলিশ।
নিহত জসিম উদ্দিনের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, জসিম জিজ্ঞাসাবাদে স্বীকার করেন চা-বাগান এলাকার জঙ্গলে অস্ত্র ও গুলি লুকিয়ে রেখেছেন। সেখানে নিয়ে গেলে তা দেখিয়ে দিতে পারবেন তিনি। জসিমকে নিয়ে পুলিশ সেখানে অস্ত্র উদ্ধারে গেলে তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় দুই ঘণ্টার বন্দুকযুদ্ধে পুলিশ ৭৩টি এবং ডাকাতেরা প্রায় ১৫০টি গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত দল পিছু হটে যায়।
ওসি বলেন, বন্দুকযুদ্ধের সময় জসিম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।