রামুর ঘটনা জাতির জন্য ভয়ংকর ও দুঃখজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ১৮ থেকে ২২ বছরের ছেলেরাও জড়িত ছিল। এটা জাতির জন্য ভয়ংকর ও দুঃখজনক। গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত ‘লুটেরা ধনিকদের দুর্নীতি ও সংকটগ্রস্ত গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় রাশেদ খান মেনন এ কথা বলেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, মহাজোট সরকার গঠনের পর শেয়ারবাজার কেলেঙ্কারি, ডেসটিনি, যুবক, ইউনিপেটুইউ এবং সর্বশেষ হলমার্ক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। অর্থমন্ত্রীকে তো শেয়ারবাজারের ক্ষতির বিষয়টি বোঝানোই যায়নি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রের কোনো মিল নেই। পাকিস্তানের গণতন্ত্র সামন্তবাদী, সমরবাদী ও তালেবানি। বাংলাদেশের গণতন্ত্রে আমলাতন্ত্রের প্রভাব ও সেনাছাপ থাকলেও পাকিস্তানের তুলনায় গণতন্ত্র শক্ত অবস্থানে আছে। অনুষ্ঠানের সভাপতি অজয় রায় বলেন, রাজনৈতিক দল ছাড়া কোনো পরিবর্তন হবে না। অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেন, সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্মের গোঁজামিলের কারণে রামুর ঘটনা ঘটেছে।