বৌদ্ধ সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলার ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ‘পক্ষপাতদুষ্ট ও মিথ্যা’ দাবি করে প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেন, রামুর ঘটনার সঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমাদসহ জামায়াতের কোনো নেতা-কর্মীই জড়িত ছিলেন না। মিথ্যা মামলায় জড়ানোর উদ্দেশ্যেই তাঁদের নামে অপপ্রচার চালানো হচ্ছে।জামায়াতের এই নেতা বলেন, এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত ছিলেন বলে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরাও বক্তব্য দিয়েছেন। ঘটনার আগে আওয়ামী লীগের লোকদের নেতৃত্বে যে মিছিল হয়, সে ছবিও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এখন তাঁদের আড়াল করার জন্যই সরকার ও সরকার-সমর্থক কিছু সংবাদপত্র জামায়াতের লোকদের জড়িত থাকার কথা প্রচার করছে।সরকারের তদন্ত প্রতিবেদন দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি।