রামুর ঘটনার বর্ষপূর্তিতে মানববন্ধন
কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বর্ষপূর্তিতে বিচার দাবি করে মানববন্ধন করেছে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। গতকাল রোববার বিকেলে নগরের নন্দনকানন বৌদ্ধবিহারের সামনে এ মানববন্ধনে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন অংশ নেয়।
‘এক মুঠো বৌদ্ধ তরুণ’ নামে একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। রামু, উখিয়া ও পটিয়ায় সাম্প্রদায়িক হামলার এক বছর পূর্তিতে নন্দনকানন বৌদ্ধবিহারে সমবেত প্রার্থনা ও প্রদীপ প্রজ্বালন করা হয়।
‘আর রামু নয়’ স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দিন বলেন, কিছু স্বার্থন্বেষী মহল নিজেদের ফায়দা লোটার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে প্রচেষ্টা চালায়। এটা কোনোভাবে কারও কাম্য নয়। এদের রুখে দাঁড়াতে হবে সম্মিলিতভাবে।’
মানববন্ধনে বক্তব্য দেন প্রজ্ঞাবংশ মহাথের, নন্দনকানন বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ প্রিয় রত্ন, মুদিত বংশ, সমন্বয়কারী বিপ্লব বড়ুয়া, কোটিল বড়ুয়া, প্রকৌশলী শাবু বড়ুয়া প্রমুখ। এদিকে বর্ষপূর্তি উপলক্ষে গতকাল রোববার জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের উদ্যোগে নগরের প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের সভাপতি বাবু রঞ্জিত বড়ুয়া এতে সভাপতিত্ব করেন।