কক্সবাজারের রামু, উখিয়া ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধমন্দির ও বসতিতে হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে নাগরিক প্রতিনিধিদল। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে প্রধান করে এ কমিটি গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।ঘটনাস্থল পরিদর্শনের পর গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিনিধিদল ওই কমিটি গঠনসহ সাত দফা দাবি জানায়। তাঁরা শঙ্কা প্রকাশ করে বলেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনা ঘটবে।সৈয়দ আবুল মকসুদ ও পঙ্কজ ভট্টাচার্যের নেতৃত্বে রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের সমন্বয়ে গঠিত ১৫ সদস্যের এ প্রতিনিধিদল ৬ ও ৭ অক্টোবর ঘটনাস্থল পরিদর্শন করে এবং ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলে। সংবাদ সম্মেলনে কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, রামুর ঘটনায় দেশের ভাবমূর্তি ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোষীদের খুঁজে বের করা সরকারের জন্য এখন অগ্নিপরীক্ষা। সরকার যদি প্রকৃত দোষীদের খুঁজে বের করতে ব্যর্থ হয় বা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তা হলে দ্বিতীয়বারের মতো ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘স্থানীয় পুলিশ প্রশাসনের দায়িত্বে অবহেলা এখানে পরিষ্কার। কাজেই যাদের অবহেলায় এ ঘটনা ঘটেছে, তাদেরও বিচার হওয়া দরকার।’নাগরিক প্রতিনিধিদলের পক্ষে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, ‘সেখানে সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির তাণ্ডব দেখে আমরা শঙ্কিত। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে এর চেয়েও ভয়ংকর ঘটনা ঘটবে।’সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও স্থানীয় কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সদিচ্ছার বহিঃপ্রকাশ দেখা যায়নি। উপরন্তু প্রশাসনের হাতেই আবার পুনর্বাসনের কাজ চলছে। এমনকি প্রধানমন্ত্রীর জনসভায়ও অনেক হামলাকারীকে দেখা গেছে। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় এখনো ভয়ে দিন কাটাচ্ছে। এ ঘটনায় সরকারের দায় এড়ানোর সুযোগ নেই।নাগরিক প্রতিনিধিদলের অন্যান্য দাবির মধ্যে রয়েছে: দলমত-নির্বিশেষে হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা, দ্রুত বিচার আদালতে অপরাধীদের বিচার, নিরপরাধ মানুষকে অযথা গ্রেপ্তার বা হয়রানি বন্ধ করা, সরকার ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা চক্রান্তকারীদের চিহ্নিত করা। প্রতিনিধিদল রামুর পুড়ে যাওয়া নমুনাগুলো নিয়ে জাদুঘর বা সংগ্রহশালা বানানোর সুপারিশ করেছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সাম্প্রদায়িকতার ভয়াবহ রূপ দেখে তা থেকে শিক্ষা নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজ করতে পারে।প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলী, বেসরকারি সংস্থা আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মেদ খান, লেখক সরদার আমিন, আদিবাসী অধিকার আন্দোলনের সদস্যসচিব নীলুফার বানু, সাংবাদিক সালিম সামাদ, কাপেং ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান দীপায়ন খীসা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর, মানবাধিকারকর্মী নায়লা বারী, সাংবাদিক ইয়াসমিন পিউ, নাদিয়া শারমিন, অনন্ত মাহবুব ও হারুনুর রশীদ। সংবাদ সম্মেলনে তাঁরাও উপস্থিত ছিলেন।