কক্সবাজারের রামুর বৌদ্ধ বসতিতে হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। কর্মসূচিতে বক্তারা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রশাসনের দায়িত্ব পালনে ব্যর্থতার যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরকে দোষারোপ করার সংস্কৃতি বাদ দিতে হবে। রামুর ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য নাগরিক সমাজ ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া এবং লুণ্ঠিত পুরাকীর্তি উদ্ধার ও ধর্মীয় উপাসনালয় সংস্কারের দাবি জানান। বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটির মানববন্ধনে বক্তব্য দেন মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, সাধারণ সম্পাদক মালেকা বানু, ব্র্যাকের কর্মকর্তা চিররঞ্জন সরকার, মহিলা আইনজীবী সমিতির মারুফি খান, উইমেন ফর উইমেনের নিলুফার বানু, নারী সাংবাদিক কেন্দ্রের নাসিমুন হক প্রমুখ।