রামুর ঘটনার সঙ্গে জড়িতদের রক্ষার জন্যই খালেদার সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামুর ঘটনার সঙ্গে জড়িত জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বিএনপির ক্যাডারদের রক্ষার জন্যই খালেদা জিয়া সেখানে সফরে যান বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গতকাল সোমবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ অভিযোগ করেন। ‘জামায়াত-শিবিরের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে, যুদ্ধাপরাধী ও গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে’ এই সমাবেশ হয়।মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘খালেদা জিয়া রামুতে গিয়েছিলেন তাদের (বৌদ্ধদের) সমবেদনা জানাতে নয়, যেসব জামায়াত, শিবির ও বিএনপির ক্যাডারের ইন্ধনে ঘটনা হয়েছে, তাদের রক্ষার জন্যই উনি দেড় মাস পর সেখানে গেছেন।’ আগামী নির্বাচনে সরকার জামায়াতকে পাশে চাচ্ছে, খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ক্ষমতার যাওয়ার লোভে খালেদা জিয়া মরিয়া। সে কারণেই তিনি লাগামহীন মিথ্যাচার করছেন। নিজ দলের কর্মীদের বোমাবাজির দায় সরকারের ঘাড়ে চাপিয়ে বিএনপি নেত্রী লাগামহীন ও নির্লজ্জ মিথ্যাচার করছেন। একটি দেশের দুবারের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতার মুখে এমন মিথ্যাচার লজ্জাজনক।খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী আরও বলেন, ‘আপনি তো আপনার দলকে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে দাবি করেন। বিএনপিকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল প্রমাণ করতে হলে যুদ্ধাপরাধীদের পক্ষ ছেড়ে তাদের বিচারের জন্য সরকারকে সহায়তা করে প্রমাণ করুন, আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল।’হানিফ বলেন, ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের মূল্য দিতে হলে যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে। এ জন্য তিনি বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি দেবাশীষ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হয়।