রামুর ঘটনায় জড়িত থাকলে দলীয় লোকও ছাড় পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, রামুতে বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দলীয় লোকজন জড়িত থাকলে তাদেরও ছাড় দেওয়া হবে না। গতকাল রোববার সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮১তম ব্যাচের সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামু, উখিয়া ও পটিয়ায় জাতিগত সংঘাত ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এ ধরনের ঘটনা সরকার বরদাশত করবে না। স্থানীয় আওয়ামী লীগের নেতারা মিছিল-সমাবেশ করার পরই অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তবুও তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের মিছিল সমাবেশ নিয়ে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা চলছে। তারা পবিত্র কোরআনের অবমাননার নিন্দা করেছে। এতে আমিও একাত্ম।’ তদন্তে বেশ অগ্রগতি হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামুর ঘটনার পর উখিয়া, টেকনাফ ও পটিয়াতে ঘটনার ব্যাপ্তি ঘটেছে কিছু ব্যক্তির উদ্যোগে। পরে সাম্প্রদায়িক ও স্বাধীনতাবিরোধী শক্তি তাতে অংশ নিয়েছে। এই শক্তি যুদ্ধাপরাধীদের বিচার ও দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চায় না। তবে তদন্তে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে ক্ষমতাসীন দলের লোকজনও ছাড় পাবে না।স্থানীয় প্রশাসন ও পুলিশ দায়িত্ব পালনে অবহেলা করেছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা কর্তব্যে অবহেলা করলে গোয়েন্দারা সে বিষয়ে প্রতিবেদন দেবেন।সমাপনী কুচকাওয়াজ: সকালে সাতকানিয়ায় বিজিবির ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল বাইতুল ইজ্জতে ৮১তম ব্যাচের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এ কুচকাওয়াজের মাধ্যমে এক হাজার ৩৪৩ জন নতুন সৈনিক বিজিবিতে অন্তর্ভুক্ত হন। কুচকাওয়াজ অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক আনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির সদস্যদের নির্লোভ ও নির্ভীক হওয়ার আহ্বান জানান। বিজিবির সদস্য ও তাঁদের পরিবারের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, গত দুই বছরে সাড়ে আট হাজার সৈন্যের পদোন্নতি দেওয়া হয়েছে। নতুন ব্যারাক ও পারিবারিক বাসস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আটটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে। সীমান্ত পাহারা সহজ করতে ৯৩৬ কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে।