রামুর ঘটনায় নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির
চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার ‘নিরপেক্ষ বিচার বিভাগীয়’ তদন্ত দাবি করেছে বিএনপি। দলের মুখপাত্র ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত এক স্মরণসভায় এ দাবি জানান। তিনি বলেন, ‘নিরপেক্ষ কথাটি এ জন্যই বলছি যে আজকাল বিচার বিভাগকে পক্ষপাতের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তাই এ ঘটনায় আমরা নিরপেক্ষ বিচারকের মাধ্যমে বিচার বিভাগীয় তদন্ত চাই।’বিএনপির এই নেতা বৌদ্ধ সম্প্রদায়ের ওপর এ হামলাকে নজিরবিহীন ঘৃণিত কাজ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, আওয়ামী লীগ সরকারে এলেই এ ধরনের সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়। এটা হয় তাদের ব্যর্থতা ও ভ্রান্ত রাজনীতির কারণে।’এর আগে সকালে নয়াপল্টনের একটি হোটেলে ছাত্রদলের প্রতিনিধি সভায় মির্জা ফখরুল বলেন, তদন্তের আগেই কক্সবাজারের রামুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আগ বাড়িয়ে বিএনপির সাংসদকে জড়িয়ে যে কথা বলেছেন, এতেই মনে হয়; এ ঘটনায় সরকারের মদদ রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গত রোববার রামু পরিদর্শন করে সাংবাদিকদের বলেছিলেন, হামলার ঘটনায় সাম্প্রদায়িক মৌলবাদী, দুষ্কৃতকারী ও স্থানীয় বিএনপির সাংসদের উসকানি রয়েছে। জাতীয় প্রেসক্লাবের আলোচনায় মন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, কোনো তদন্ত না করেই কেবল বিরোধী দলকে রাজনৈতিকভাবে হেনস্তা করতেই স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের উক্তি করেছেন। বিএনপির নেতা আবদুল মতিন চৌধুরীর স্মরণে আয়োজিত এই আলোচনায় প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।