রামুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি সিপিবি-বাসদের
কক্সবাজারের রামু ও উখিয়ায় বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে দল দুটির নেতারা গতকাল সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দোষারোপ করার কারণে এই ঘটনার সত্যতা আড়ালে পড়ে যাচ্ছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, উখিয়া ও পটিয়ায় হামলার সময় প্রশাসন পুরোপুরি নিষ্ক্রিয় ছিল। ঘটনাস্থলে বিস্ফোরকদ্রব্য ও ককটেল পাওয়া গেছে। এতে প্রমাণিত হয় এ ঘটনা পূর্বপরিকল্পিত।পুরানা পল্টনে মৈত্রী মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সিপিবির নেতা শাহ আলম, অমৃত বড়ুয়া, বাসদের বজলুর রশিদ, পারভীন আকতার, মনিদীপা, ছাত্র ইউনিয়নের এস এম শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।