রামুর চার ইটভাটাকে দুই লাখ ৭৮ হাজার টাকা জরিমানা
কক্সবাজারের রামু উপজেলার চারটি ইটভাটার মালিককে সংরক্ষিত বনের কাঠ পোড়ানোর অভিযোগে দুই লাখ ৭৭ হাজার ৩৩৫ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল শনিবার সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন।পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সাইফুল আশ্রাফ এর সত্যতা নিশ্চিত করে জানান, গত শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের অভিযান দল রামু উপজেলার ১৯টি ইটভাটা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় চারটি ভাটায় সংরক্ষিত বনের কাঠ পুড়িয়ে ইট তৈরি করতে দেখেন। এ সময় শফিউল আজম চৌধুরীর মালিকানাধীন বিকে ব্রিকফিল্ডে ৬০ মণ, নুরুল হকের মালিকানাধীন এনএফ ব্রিকফিল্ডে ৩৫ মণ, মো. মোস্তফার মালিকানাধীন জামান অ্যান্ড কোম্পানিকে ২০ মণ এবং রফিক উল্লাহর মালিকানাধীন এমএসআর ব্রিকফিল্ড থেকে ৭০ মণ কাঠ জব্দ করা হয়। এ সময় ওই চারটি ইটভাটার মালিককে গতকাল পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গতকাল হাজির হলে শফিউল আজম চৌধুরীকে ৮৫ হাজার ৭৪০ টাকা, নুরুল হককে ৫০ হাজার ১৫ টাকা, মো. মোস্তফাকে ২৮ হাজার ৫৮০ টাকা এবং রফিক উল্লাহকে এক লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম জানান, ২৭ ডিসেম্বরের মধ্যে জরিমানার এ টাকা পরিশোধ করা না হলে ইটভাটার লাইসেন্স বাতিল এবং পরিবেশ আদালতে মামলা করা হবে।