রামুর পূর্বাঞ্চল থেকে আসা পণ্যের ওপর টোল আদায় বন্ধ
কক্সবাজারের রামুর পূর্বাঞ্চল গর্জনিয়া-কচ্ছপিয়া ইউনিয়ন থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ওপর দিয়ে যাওয়া বিভিন্ন পণ্যের টোল আর আদায় করা যাবে না। বিষয়টি নিয়ে অনেক দিন ধরে আলোচনার পর গত রোববার দুই উপজেলার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সোমবার থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে রোববার বিকেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার, ইউএনও শহীদ মো. ছাইদুল হক, পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম, গর্জনিয়া পরিষদের চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনসহ আটটি ইউনিয়নের চেয়ারম্যানেরা উপস্থিত ছিলেন। নাইক্ষ্যংছড়ি উপজেলার পক্ষে স্থানীয় পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদ, ইউএনও মোহাম্মদ শামীম, ওসি এস এম আজাদসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউপির দুই চেয়ারম্যান জানান, রামুর পূর্বাঞ্চলে অবস্থিত এই দুই ইউনিয়নকে শাকসবজির হাট বলা হয়। এখান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ সবজি ও বিভিন্ন ধরনের পণ্য রামু-কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। কিন্তু এসব পণ্য রামুর বিভিন্ন স্থানে নিয়ে যেতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা হয়ে যেতে হয়। এসব পণ্যের জন্য রামুর পাশাপাশি নীতিবহির্ভূতভাবে নাইক্ষ্যংছড়িতেও টোল দিতে হতো। এতে অনেক দিন ধরে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতি ও দুর্ভোগের শিকার হয়ে আসছেন। অবৈধ টোল আদায় বন্ধে রামু উপজেলা পরিষদের মাসিক সভায় তাঁরা বিষয়টি একাধিকবার উত্থাপন করেন।রামুর ইউএনও জানান, একই পণ্যের ওপর দুই উপজেলায় টোল আদায় নিয়মবহির্ভূত। বিষয়টি নিয়ে দুই উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে আলাপ-আলোচনা চলছিল। এ বৈঠকের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, গর্জনিয়া-কচ্ছপিয়ায় টোল দেওয়ার রসিদ দেখানো হলে, এসব পণ্য থেকে নাইক্ষ্যংছড়িতে টোল আদায় করা যাবে না।নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নে তাঁর পরিষদ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।