কক্সবাজারের রামুর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ২৭টি প্রাচীন বৌদ্ধবিহারের (ক্যাং) বেহাল দশা। দীর্ঘ সময় ধরে সংস্কার না হাওয়ায় বিহারগুলো ভেঙে যাচ্ছে। কয়েকটি বিহার ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। রামু সদরে সুপারিগাছে ভরপুর লামারপাড়া গ্রাম। এই গ্রামে ১৮০০ খ্রিষ্টাব্দে তৈরি করা হয় ‘লামারপাড়া বিহার’ বা ক্যাংটি। ১২২টি খুঁটির ওপর তৈরি এই বিহারের ৩২টি খুঁটি ২০০২ সালে পুনরায় স্থাপন করা হলেও অবশিষ্ট অধিকাংশ খুঁটি এখন নড়বড়ে হয়ে পড়েছে। ফলে যেকোনো মুহূর্তে সুপ্রাচীন এই বিহারটি ধসে পড়তে পারে। বিহারাধ্যক্ষ উ. জ্ঞানু ওরা থেরো বলেন, ১৯৯৫ সাল থেকে তিনি বিহারাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। অযত্ন ও অবহেলায় পড়ে থাকায় এর আগে বিহারের বহু মূল্যবান সম্পদ চুরি হয়েছে। তিনি বলেন, প্রাচীন এই বিহারটি দেখার জন্য প্রতিদিন দেশি-বিদেশি বহু পর্যটক ছুটে আসেন। কিন্তু বিহারের ভগ্নদশা দেখে তাঁরা হতাশ হচ্ছেন। দেখা গেছে, উত্তরমুখী এই বিহারটি বার্মা (মিয়ানমার) থেকে আনা সেদ্ধ সেগুনকাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। বিহারের সামনে বিশাল সিঁড়ি-বারান্দা। বিহারটিতে ৫০টি খুঁটি ব্যবহার করা হয়েছে। অভ্যন্তরে উঁচু বেদিতে স্থাপন করা হয়েছে ১০ ফুট উচ্চতাবিশিষ্ট অষ্টধাতু-নির্মিত ধ্যানী বুদ্ধমূর্তি। এটি বাংলাদেশের সর্ববৃহৎ অষ্টধাতু-নির্মিত বুদ্ধমূর্তি। ছয় ধাপবিশিষ্ট ছাউনির ওপর দিকে ক্রমশ সরু হয়ে ওঠা বিহারের ছাদগুলো যেকোনো পর্যটকের নজর কাড়ে। বিহারের উত্তর পাশে ঘণ্টাঘর। আট কোনাকৃতির ঘণ্টাঘরে ঝোলানো রয়েছে গোলাকার বিশাল দুটি ঘণ্টা। কাঠের বড় মুগুর দিয়ে আঘাত করলে সৃষ্ট আওয়াজ প্রায় পাঁচ বর্গমাইল ছড়িয়ে পড়ে। রেঙ্গুনি কারুকার্যখচিত দৃষ্টিনন্দন এই মন্দিরের বর্তমান জরাজীর্ণ চেহারায় অনেকে হতবাক হচ্ছেন।উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনীতে ৩০০ বছর আগে তৈরি দোতলাবিশিষ্ট কাঠের ‘রামু কেন্দ্রীয় সীমা বিহারটি’রও ভগ্নদশা। বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, এই বিহারটিতে ছোট-বড় অর্ধশতাধিক বুদ্ধমূর্তি রয়েছে। কয়েক মাস আগে ধর্মীয় চেতনা জাগ্রত করার লক্ষ্যে সুদূর থাইল্যান্ড থেকে আনা হয়েছে পাঁচ মণ ওজনের ১২ ফুট উচ্চতা ও আট ফুট প্রস্থের সোনালি রঙের গৌতম বুদ্ধের একটি মূর্তি। কিন্তু জায়গার অভাবে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ, পিতলসহ অষ্টধাতু দিয়ে তৈরি বিশাল এই মূর্তিটি বিহারের নিচে এক কোনায় রাখা হয়েছে।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান বলেন, তাঁর নিজ গ্রামে স্থাপিত ‘লামারপাড়া বৌদ্ধবিহারে’ বাংলাদেশের সর্ববৃহৎ অষ্টধাতুর বুদ্ধমূর্তি, পিতলের তৈরি বিশাল দুটি ঘণ্টা সংরক্ষিত রয়েছে। আরও রয়েছে প্রাচীন বহু শিলালিপি, স্মৃতিচিহ্নসহ নানা নিদর্শন। অথচ বিহারটি রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে।বাংলাদেশ রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামু উপজেলা শাখার সভাপতি উতেচিং রাখাইন বলেন, রক্ষণাবেক্ষণের অভাব এবং পাহাড়ধসের কারণে সাড়ে ৩০০ বছর আগে তৈরি একটি বৌদ্ধ জাদি ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রবল বর্ষণ অব্যাহত থাকলে জাদিটি যেকোনো মুহূর্তে দেড় শ ফুট উঁচু পাহাড় থেকে ভেঙে পড়তে পারে। জাদিটি রক্ষার জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও কেউ সাড়া দিচ্ছে না। কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, রামুর প্রাচীন বৌদ্ধবিহারগুলো দেশি-বিদেশি পর্যটকের নজর কাড়ে। কক্সবাজার ভ্রমণে এসে অনেকে বিহার দেখতে রামুতে ছুটে যান। কিন্তু বিহারগুলোর ভগ্নদশায় পর্যটকেরা হতাশ হয়ে ফিরে আসেন। পর্যটনশিল্পের উন্নয়নে সুপ্রাচীন এই নিদর্শনগুলোর সরকারি তত্ত্বাবধান জরুরি।