বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী জাহাজ ভাসা উৎসব অনুষ্ঠিত হবে আগামী বুধবার (১২ অক্টোবর)। এ উৎসবকে ঘিরে প্রায় ২০টি বৌদ্ধপল্লিতে চলছে আনন্দ আয়োজন।আগস্টের প্রথম সপ্তাহ থেকে মূলত কল্পজাহাজ ও ফানুস তৈরির অর্থ সংগ্রহকে ঘিরে এ আনন্দযজ্ঞ চলছে। জাহাজ ভাসানোর মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। প্রতিবছর বাঁকখালী নদীর পাড়ে হাজারো নর-নারীর অংশগ্রহণে এ উৎসব অসাম্প্রদায়িক মিলনমেলায় পরিণত হয়। ‘শুকনো ডালে ফুল ফুটিল, স্বর্গ থেকে মর্ত্যে এল, কে কে যাবি আয়রে; বুদ্ধের মতো এমন দয়াল আর নাইরে’—এ রকম বুদ্ধকীর্তন গেয়ে গ্রামের শিশু, কিশোর ও যুবকেরা প্রতি রাতে এ বাড়ি থেকে ওই বাড়ি, এ পাড়া থেকে ওই পাড়ায় যান। সংগ্রহ করেন জাহাজ তৈরির টাকা। এ সময় ঢোল, কাঁসর, মন্দিরা, বাঁশিসহ নানা বাদ্য বাজিয়ে নাচ-গানেও মেতে ওঠেন তাঁরা।বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, প্রতিবছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাব্রত পালনের শেষ দিনটি হচ্ছে প্রবারণা পূর্ণিমা। এই দিনে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি শুধু রামু উপজেলায় কল্পজাহাজ ভাসা উৎসবের আয়োজন করা হয়।হাইটুপী গ্রামের বাবু, রকি ও বিজয় জানান, প্রতিদিন রাত আটটা থেকে পাড়ার ৩০-৪০ জন শিশু, কিশোর ও যুবক দুই ভাগ হয়ে অর্থ সংগ্রহ এবং জাহাজ তৈরির কাজ শুরু করেন। একদল অর্থ সংগ্রহের জন্য মানুষের বাড়ি বাড়ি যায়। অন্যদল জাহাজ তৈরির কাজ করে। প্রতি বাড়ি থেকে ১০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অর্থ-সহায়তা দেওয়া হয়। কোনো বাড়িতে প্রত্যাশিত অর্থ (চাঁদা) না দিলে ওই বাড়ির উঠানে দীর্ঘক্ষণ নাচ-গান করে তাঁরা এর প্রতিবাদ জানান। দাবি পূরণ হলেই নেচে-গেয়ে তাঁরা ওই বাড়ি ত্যাগ করেন। অনেক রাত পর্যন্ত এ আয়োজন চলে। ঘুম দূর করতে জাহাজ তৈরির সময় নাচ-গানের আসর বসানো হয়। থাকে লাল চা আর বিস্কুটের ব্যবস্থা।হাইটুপী, পূর্ব মেরংলোয়া, দ্বীপ শ্রীকুলসহ বিভিন্ন বৌদ্ধপল্লি ঘুরে দেখা গেছে, প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলছে আনন্দযজ্ঞ। বাঁশ, কাঠ, বেত ও কাগজে রঙের কারুকাজ করে অভিজ্ঞ কারিগরেরা দৃষ্টিনন্দন এই কল্পজাহাজ তৈরি করছেন। বার্মিজ ভাষায় কারিগরদের ‘ছেরা’ বলা হয়। এখন ‘ছেরা’রা খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন।হাইটুপী গ্রামের ছেরা বাই-স রাখাইন জানান, এই গ্রামে এ বছরও প্যাগোডা তৈরির কাজ চলছে। বাঁশ, বেত ও কাঠের কাঠামোর ওপর রঙিন কাগজের কাজ করা হবে। সেখানে ফুটিয়ে তোলা হবে রেগ্গুনি (বার্মিজ) কারুকাজ।পূর্ব মেরংলোয়া গ্রামের ছেরা লারি মং রাখাইন জানান, এ পাড়ার কল্পজাহাজ এবারে বান্দরবানের পাহাড়ের চূড়ায় স্থাপিত মহাসুখ প্রার্থনাপূরক বুদ্ধ ধাতু জাদির আদলে তৈরি করা হবে। পূর্ব মেরংলোয়া গ্রামের রজত বড়ুয়া জানান, বিভিন্ন গ্রামে কল্পজাহাজে ময়ূর, কবুতর, হাঁস, চূড়া, প্যাগোডাসহ বিভিন্ন প্রতিকৃতি ফুটিয়ে তোলার চেষ্টা চলছে।জাহাজ ভাসা উদ্যাপন কমিটির সভাপতি স্বপন বড়ুয়া জানান, এ বছর ১২ অক্টোবর হাইটুপী, মেরংলোয়া, পূর্ব মেরংলোয়া, হাজারীকুল, পূর্ব রাজারকুল, দ্বীপ-শ্রীকুল, জাদিপাড়া, উত্তর ফতেখাঁরকুল ও আদিবাসী রাখাইনেরা মোট নয়টি জাহাজ বাঁকখালী নদীতে নিয়ে ভাসাবে।দক্ষিণ চট্টগ্রামের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, রামু সীমাবিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের জানান, আজ থেকে প্রায় ২০০ বছর আগে মিয়ানমারের মুরহন ঘা এলাকায় একটি নদীতে মংরাজ ম্রাজংব্রান প্রথম জাহাজ ভাসানো উৎসবের আয়োজন করেন। সেখান থেকে বাংলাদেশের রামুতে এ উৎসবের প্রচলন হয়। প্রায় শত বছর ধরে জাহাজ ভাসানোকে ঘিরে রামুর বৌদ্ধপল্লিগুলোতে এ আনন্দ আয়োজন চলছে।