রামুর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় নাসাকার উদ্বেগ
বান্দরবানের লেমুছড়ি সীমান্তে গতকাল রোববার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের নাসাকার মধ্যে পতাকা বৈঠক হয়েছে। ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠকে সীমান্তে মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ, মাদক পাচার, মিয়ানমারের কারাগারে ২৪৩ জন বাংলাদেশি নাগরিককে ফেরত নিয়ে আসাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রামুর বৌদ্ধপল্লিতে হামলায় নাসাকা উদ্বেগ প্রকাশ করে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে বলে বৈঠকসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। বেলা ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সীমান্তের লেমুছড়ি উচ্চবিদ্যালয়ে বৈঠক শুরু হয়। বেলা একটা পর্যন্ত চলা বৈঠকে বিজিবির আট সদস্যের দলের নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান। নয় সদস্যের দলে নাসাকার পক্ষে লে. কর্নেল সেইং থা ক্য নেতৃত্ব দেন। বৈঠক সূত্রে জানা যায়, বিজিবির পক্ষ থেকে বিভিন্ন সীমান্ত পয়েন্টে মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য উত্থাপন করা হয়। এতে নাসাকা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধভাবে বাংলাদেশে কেউ কেউ অনুপ্রবেশ করতে পারে। বিষয়টি অবগত হওয়ায় এ ব্যাপারে এখন থেকে তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। বিজিবির কর্মকর্তারা বলেন, নাসাকা কর্মকর্তারা তাঁদের বলেছেন মিয়ানমারের কারাগারে বিভিন্ন সময়ে আটক ২৪৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাঁরা আটক ওই ব্যক্তিদের ফেরত পাঠাতে চান। নাইক্ষ্যংছড়ির বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান পতাকা বৈঠকের কথা নিশ্চিত করে বলেছেন, অত্যন্ত আন্তরিক পরিবেশে বৈঠক হয়েছে। বিজিবির পক্ষে সীমান্তে অনুপ্রবেশ নিয়ে এবং নাসাকার পক্ষ থেকে রামুর ঘটনায় উদ্বেগ জানানোর কথা স্বীকার করে লে. কর্নেল মাহবুবুর রহমান বলেন, ‘এসব বিষয় নিয়ে আমরা উভয় পক্ষ কঠোর অবস্থানের কথা একে অপরকে জানিয়েছি।’