রামুর বৌদ্ধপল্লিতে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার সিলেটে মানববন্ধন হয়েছে। ‘মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চা’ নামের সিলেটের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। বিকেল পাঁচটার দিকে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে একাত্ম হন বিভিন্ন সম্প্রদায়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তিসহ প্রগতিশীল রাজনৈতিক নেতা-কর্মীরা। ‘সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ’, ‘অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িকতা চাই না’, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, ‘জল্লাদের এই উল্লাসমঞ্চ, আমার দেশ নয়’—এসব স্লোগান লেখা প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে কক্সবাজারের রামুসহ আশপাশের উপজেলার বৌদ্ধ বসতিতে বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং আক্রান্তদের প্রতি সহমর্মিতা জানানো হয়।পরে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন কবি এ কে শেরাম, প্রবীণ রাজনীতিবিদ আরশ আলী, মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সিলেটের সভাপতি অসিত ভট্টাচার্য, পূজা উদ্যাপন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ধর, বৌদ্ধ সমিতি সিলেটের উপদেষ্টা রামেন্দ্র বড়ুয়া, বৌদ্ধ মঠ সিলেটের অধ্যক্ষ অভিজ্ঞানন্দ ভিক্ষু প্রমুখ।বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার ৪২ বছর পর যখন স্বাধীনতাসংগ্রামে নেতৃত্বদানকারী দলই রাষ্ট্রক্ষমতায়, তখন এ ধরনের হামলার ঘটনা সত্যিই উদ্বেগজনক। সরকার যদি নিজেদের অসাম্প্রদায়িক হিসেবে প্রমাণ করতে চায়, যদি সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে চায়, তা হলে অবিলম্বে রামুসহ বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও লুটপাটকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।প্রতিবাদ মিছিল: বাসদ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে রামুর বৌদ্ধপল্লিতে হামলাকারীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে। বিকেল চারটার দিকে জিন্দাবাজারে দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। বাসদের জেলা শাখার আহ্বায়ক উজ্জ্বল রায়ের সভাপতিত্বে সমাবেশে সদস্যসচিব রণেন সরকার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নগর কমিটির সাধারণ সম্পাদক রেজাউর রহমান প্রমুখ বক্তব্য দেন।