রামুর বৌদ্ধপল্লিতে হামলার বিচার বিভাগীয় তদন্ত শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু বৌদ্ধমন্দির ও বসতিতে হামলার বিচার বিভাগীয় তদন্ত গতকাল সোমবার বিকেলে শেষ হয়েছে। হাইকোর্টের নির্দেশে গঠিত তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি ২০ মার্চ থেকে রামুতে এসে টানা পাঁচ দিন তদন্ত পরিচালনা করে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া সাংবাদিকদের বলেন, ‘গত পাঁচ দিনে রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধমন্দির ও বসতি পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথাও বলেছি। তা ছাড়া ২৯ সেপ্টেম্বরের হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা তদন্ত দলের সামনে এসে সাক্ষ্য দিয়েছেন। রামুর ঘটনায় সাক্ষীদের তথ্য-প্রমাণ বিচার, বিশ্লেষণ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।’এ সময় উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্য চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক (জেলা জজ) শরীফ মোস্তফা করিম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অধিদপ্তর-২-এর উপসচিব মো. জহুরুল ইসলাম।গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী রামুর ১২টি শতবর্ষী বৌদ্ধবিহার ও ৩০টির বেশি বসতিতে অগ্নিসংযোগ করে। ঘটনার দুদিন পর হামলার ঘটনা তদন্তে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সম্প্রতি ওই কমিটি রামুর হামলার ঘটনায় ২০৫ জনকে অভিযুক্ত করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করে। কিন্তু রামুর বাসিন্দা ও সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রামু হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করলে তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল সোমবার ওই কমিটি তদন্ত শেষ করে রামু ত্যাগ করে।