কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফের বিধ্বস্ত বৌদ্ধমন্দির পরিদর্শন করেছে ঢাকা থেকে আগত নাগরিক প্রতিনিধিদল।গতকাল রোববার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নাগরিক প্রতিনিধিদলের প্রধান সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘২৯ সেপ্টেম্বরে রাতে পূর্বপরিকল্পিতভাবে রামুর বৌদ্ধমন্দিরে হামলা চালানো হয়েছে। এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হচ্ছে হিংসার বহিঃপ্রকাশ। সাম্প্রদায়িক শত্রুতা। ব্যক্তিগত কারণে এই মন্দিরে হামলা চালানো হয়নি। আমরা হিংসার মৃত্যু চাই বলে সুদূর ঢাকা থেকে এখানে ছুটে এসেছি। ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের সহমর্মিতা দেখাতে। আমরা অতি দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন চাই। চাই সাম্প্রদায়িক সম্প্রীতি। সংখ্যালঘুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাষ্ট্র ব্যবস্থা নেবে—এটাই আশা করছি।’ গণঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য বৌদ্ধমন্দিরে হামলার ঘটনাটি সুপ্রিম কোর্টের বর্ষীয়ান বিচারকের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান এবং মন্দির পোড়ানো মামলায় নিরীহ লোকজনকে গ্রেপ্তার করে হয়রানি না করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলী, প্রকৌশলী সরদার আমিন, ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিনিধি দীপায়ন খীসা, মানবাধিকারকর্মী নাইলা বারী, আদিবাসী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক নীলুফার বানু, ইয়াসমিন পিউ প্রমুখ।