রামুর বৌদ্ধমন্দিরে হামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবিহার ও বসতিতে হামলার বিচার বিভাগীয় তদন্ত গতকাল বুধবার সকাল থেকে শুরু হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে ২৫ মার্চ পর্যন্ত এই তদন্ত চলবে। তদন্ত দলকে হামলার ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করতে এলাকায় মাইকিং করা হয়েছে।এদিকে রামুর ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে গঠিত সরকারি তদন্ত কমিটি ২০৫ জনকে অভিযুক্ত করে সম্প্রতি সরকারের কাছে প্রতিবেদন পেশ করেছে।রামুর বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ ডিসেম্বর সুপ্রিম কোটের হাইকোর্ট বিভাগ রামুর ঘটনা পুনঃতদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগকে নির্দেশ দেন। এরপর তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়।এই কমিটির প্রধান চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়ার নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত দলের সদস্যরা সকালে প্রথমে রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শন করেন। এরপর বিহারের অধ্যক্ষ (ভিক্ষু) সত্যপ্রিয় মহাথেরোর সঙ্গে কথা বলেন। তারপর তদন্ত দল উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র, প্রজ্ঞামিত্র বন বিহার, রামু সাদাচিং ও লালচিং বিহার, উখিয়ারঘোনা জেতবন বৌদ্ধবিহার, জাদিপাড়া আর্যবংশ বৌদ্ধবিহার ও রামু মৈত্রী বিহার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও রামু হামলার ঘটনায় গঠিত সরকারি তদন্ত দলের সদস্য মো. বাবুল আকতার, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহামঞ্চদ ফারুক, সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু, বৌদ্ধ নেতা নিতীশ বড়ুয়া, তরুণ বড়ুয়া, দুলাল বড়ুয়া প্রমুখ।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৫ মার্চ পর্যন্ত রামু উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তদন্ত কার্যক্রম চলবে। ২৯ সেপ্টেম্বর সংঘটিত ঘটনা সম্পর্কে অবগত ব্যক্তিদের ওই সময়ের মধ্যে তদন্ত কমিটির সামনে হাজির হয়ে সাক্ষ্য দিতে এলাকায় মাইকিং করা হয়েছে।