রামুর ভাঙা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
কক্সবাজারের অবহেলিত জনপদ রামু-মরিচ্যা সড়ক, হাইটুপী সড়ক, মেরংলোয়া সড়ক, তেচ্ছিপুলসহ রামু উপজেলার ১১ ইউনিয়নের বন্যায় বিধ্বস্ত সড়কগুলো দ্রুত মেরামতের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বেলা ১১টায় রামু চৌমুহনী চত্বরে ‘রামু উন্নয়ন নাগরিক কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে। জনদুর্ভোগ লাঘবে আগামী ১৫ দিনের মধ্যে ভাঙা সড়ক মেরামত করা না হলে সড়ক অবরোধসহ হরতাল দিয়ে কক্সবাজার অচলের হুমকি দেওয়া হয়।রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন শিক্ষাবিদ অধ্যক্ষ মোশতাক আহমদ, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (অতিরিক্ত পিপি) নুরুল ইসলাম, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান, রামু ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, রামু উন্নয়ন নাগরিক কমিটির সহসভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার, রামু বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম, ফজল আম্বিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ, রামু বণিক সমিতির সভাপতি মো. ফেরদৌস, মুক্তিযোদ্ধা গোলাম কবির প্রমুখ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান বলেন, গত জুন-জুলাই মাসে সৃষ্ট তিন দফার বন্যায় উপজেলার ১১টি ইউনিয়নের ৯০ শতাংশ সড়ক, সংযোগ সড়ক বিলীন হয়েছে। এখন পর্যন্ত সড়কগুলো সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।