রামুর সংরক্ষিত বনাঞ্চলে অভিযান, ৪০ বাড়ি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ধোয়াপালং বন রেঞ্জের খুনিয়াপালং সংরক্ষিত বনাঞ্চল থেকে গতকাল বুধবার ৪০টি বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. রাজিবুল আলমের নেতৃত্বে বন, পুলিশ ও বিজিবির শতাধিক সদস্যের সহযোগিতায় উপজেলার খুনিয়াপালং বনাঞ্চলে অভিযান শুরু হয়। অভিযান শেষ হয় বিকেল চারটার দিকে। এ সময়ের মধ্যে ৪০টি বসতবাড়ি ও একটি দোকান উচ্ছেদ করা হয়। তবে কাউকে আটক করা হয়নি। অভিযান চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাজল তালুকদার, রেঞ্জ কর্মকর্তা তাপস সান্যাল, শিবাজী রঞ্জন সেন প্রমুখ। কাজল তালুকদার প্রথম আলোকে জানান, ২০০২ সালে সৃজিত প্রায় পাঁচ একর আগরবাগান দখল করে এসব ঘরবাড়ি তৈরি করা হয়েছিল। অভিযান শুরু হলে দখলদারেরা বনাঞ্চলে আত্মগোপন করেন। তাই তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দখলদারদের বিরুদ্ধে ১২টি মামলা করা হয়েছে। কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাস জানান, উদ্ধার করা পাঁচ একর জমি বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে। অন্যান্য এলাকায় অবৈধভাবে তৈরি বসতবাড়িও উচ্ছেদ করা হবে।