রামুর সেই ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কক্সবাজারের রামু থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন মিয়াসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত বুধবার জেলা ও দায়রা জজ মোক্তার আহমদ এই পরোয়ানা জারি করেন।মামলার অন্য আসামিরা হলেন, রামু উপজেলার ছরারকুল গ্রামের মোহাম্মদ উল্লাহ ও মোহাম্মদ হোসাইন।ঘুষ নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে ওসি গিয়াস উদ্দিনের বিরুদ্ধে করা একটি মামলার তদন্ত প্রতিবেদন সম্প্রতি আদালতে দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।মামলার বাদী মোহাম্মদ আমিনুল হক জানান, ২০১১ সালের ২৩ জানুয়ারি রামু থানার পুলিশ একটি মামলার আসামি মোহাম্মদ উল্লাহকে গ্রেপ্তার করে। ওই সময় থানার ওসি গিয়াস উদ্দিন ঘুষ নিয়ে আসামিকে ছেড়ে দেন। মোহাম্মদ হোসাইন ঘুষের টাকা লেনদেন করেন। এ ঘটনায় ২০১১ সালের ২৬ জানুয়ারি তিনি আদালতে একটি অভিযোগ দায়ের করেন। আদালত সেটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদকে পাঠান।বাদীপক্ষের আইনজীবী মো. জাকারিয়া জানান, তদন্ত শেষে গত ১ জানুয়ারি দুদকের কমিশনার (তদন্ত) মোহাম্মদ শাহাবুদ্দীন আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। আদালত প্রতিবেদন আমলে নিয়ে ওসি গিয়াস উদ্দিন মিয়াসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গিয়াস উদ্দিন বর্তমানে উখিয়া থানায় কর্মরত।সহকারী পুলিশ সুপার (রামু-উখিয়া-টেকনাফ সার্কেল) ছত্রধর ত্রিপুরা গতকাল বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি তিনি শুনেছেন। তবে আদালতের কোনো লিখিত নির্দেশনা তিনি এখনো পাননি। গিয়াস উদ্দিন ৮ ফেব্রুয়ারি থেকে ছুটিতে আছেন।