কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের উপাসনালয় এবং বাড়িঘরে হামলার প্রতিবাদে মানববন্ধন ও মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সচেতন শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। প্রতিবাদী এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ইমরান হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন হোসাইন কবির, জ্যেষ্ঠ শিক্ষক হাসানুজ্জামান চৌধুরী, সাদা দলের আহ্বায়ক কে এম গোলাম মহিউদ্দিন, সিদ্দিক আহমেদ চৌধুরী, আ ন ম মুনির আহমেদ চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি মোজাফ্ফর আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর চৌধুরী, সদস্য জরিন আখতার, প্রাচ্য ভাষার শিক্ষক জিনবোধী ভিক্ষু, সিন্ডিকেট সদস্য সুলতান আহমেদ, কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী ও নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব, প্রাচ্য ভাষা বিভাগের সভাপতি জ্ঞান রত্ন ও সাবেক প্রক্টর আকতার হোসেন প্রমুখ।